যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাশ্ববর্তী এলাকায় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা এই ভাংচুরে অংশ নিয়েছে তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারে অবস্থিত আট ফুট উচ্চতার এই মূর্তিটি কিছু অপরিচিত ব্যক্তি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন ভারতের কনস্যুলেট জেনারেল।
এ ঘটনা নিউইয়র্কের ভারতীয়-আমেরিকান সম্প্রদায়কে হতবাক করেছে।
ভাংচুরের বিষয়টি 'ঘৃণ্য' উল্লেখ করে ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
ভারত কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, বিষয়টি অবিলম্বে তদন্তের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এই ঘৃণ্য কাজের জন্য দায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে।
জানা যায়, মূর্তিটি গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন থেকে দান করা হয়েছিলো এবং ১৯৮৬ সালের ২ অক্টোবর গান্ধীর ১১৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে এটি উৎসর্গ করা হয়েছিল। মূর্তিটি ২০০১ সালে অপসারণ করে ২০০২ সালে বিস্তৃত বাগান এলাকায় পুনরায় স্থাপন করা হয়।
আরও পড়ুন: কওমি মাদরাসায় করোনা টিকা দেওয়া শুরু
এনডিটিভি বলছে, গান্ধীর মূর্তিতে হামলা এটিই প্রথম নয়। ২০২১ সালের জানুয়ারি মাসে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পার্কে স্থাপিত গান্ধীমূর্তি ভাঙচুর করে। উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিড শহরের সেন্ট্রাল পার্কে গান্ধীর ছয় ফুট লম্বা, ৬৫০ পাউন্ডের ব্রোঞ্জ মূর্তির গোড়ালি কেটে ফেলা হয় এবং এর অর্ধেক মুখ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া ২০২০ সালের ডিসেম্বরে পাঞ্জাবের খালিস্তান সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে স্থাপিত গান্ধীমূর্তি ভাঙচুর করে।
একাত্তর/আরবিএস