মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে চাকরি খোয়ালেন গার্ড

রাশিয়ায় প্রদর্শনীর উদ্দেশ্যে রাখা এক মিলিয়ন ডলার মূল্যের একটি চিত্রকর্মে বলপয়েন্ট কলম দিয়ে চোখ এঁকে চাকরি হারিয়েছেন এক নিরাপত্তাকর্মী। 

গত বছরের ডিসেম্বরে ইয়েলতসিন সেন্টারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্যা ডেইলি মিরর।

রাশিয়ান চিত্রশিল্পী অ্যানা লেপোরস্কায়া 'থ্রি ফিগারস' নামে ওই ছবিটি আঁকেন ১৯৩২ থেকে ১৯৩৪ সালের মধ্যে। ছবিটিতে চোখ-মুখবিহীন তিনজন মানুষের মুখাবয়ব দেখা যায়। চিত্রকর্মটির আনুমানিক মূল্য প্রায় এক মিলিয়ন ডলার। 

দ্যা মিরর বলছে, ৬০ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মী কাজে যোগ দেয়ার প্রথম দিনে একঘেয়েমিতে ভুগছিলেন। তখন বসে বসে ছবির তিনজনের মুখে কলম দিয়ে চোখ এঁকে দেন তিনি।

আরও পড়ুন: মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯২

এ ঘটনার পরপরই তাকে চাকরিচ্যুত করা হয়। সেইসাথে সম্পত্তি ধংসের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগ প্রমানিত হলে এক বছরের কারাদণ্ডের সাথে ৪০ হাজার রুবল বা প্রায় ৪৬ হাজার টাকার জরিমানা গুনতে হতে পারে ওই ব্যক্তিকে। 

বর্তমানে চিত্রকর্মটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এসজে