ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার ঘণ্টাব্যাপী কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন অব্যাহত থাকায় কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তবে এই আলোচনা কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না বলে ধারণা সংশ্লিষ্টদের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে এ দুই নেতা ফোনালাপ শুরু করেন। তারা প্রায় এক ঘণ্টা দুই মিনিট কথা বলেছেন।
বাইডেনের উদ্যোগেই মূলত এ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের একজন কর্মকর্তা রয়টার্সকে দুই নেতার ফোনালাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফোনালাপে বাইডেন বলেন, সামরিক আগ্রাসন চালালে ইউক্রেনে বড় ধরনের মানবিক সংকটের মুখে পড়বে। এতে রাশিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো তার কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য চড়া মূল্য দিতে হবে।
রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করছে পশ্চিমাদের এই দাবির সমালোচনা করে রুশ নেতা বলেন, তিনি 'এটিকে উস্কানিমূলক জল্পনা' হিসেবে বিবেচনা করছেন, যা সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনে সংঘাতের কারণ হতে পারে।
আরও পড়ুন: করোনায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
পুতিন ও বাইডেনের মধ্যে নতুন করে ফোনালাপের পর ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উসাকভ বলেছেন, 'হিস্টিরিয়া চরম পর্যায়ে পৌঁছেছে।'
এদিকে কয়েক সপ্তাহর টানা উত্তেজনার পর ইউক্রেন সীমান্তে সেনা বাড়িয়েছে রাশিয়া। আর ওয়াশিংটন বলেছে, যেকোনো দিন হামলা চালাবে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বাইডেন-পুতিনের মধ্যে ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। কিন্তু অগ্রগতির ক্ষেত্রে এ আলোচনা কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি।
একাত্তর/আরবিএস