ইউক্রেন সীমান্ত থেকে কিছু পরিমাণ রাশিয়ান সৈন্য সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্তে মহড়া শেষ করে ঘাঁটিতে ফিরে যাচ্ছেন বেশ কিছু সেনা।
এখনও ইউক্রেন সীমান্তে মোতায়েন করা বেশিরভাগ সৈন্য সেখানে অবস্থান করলেও, সেনা সরানোর এ খবর যুদ্ধ এড়ানোর ব্যাপারে আশা জাগাচ্ছে।
তবে, এটি রাশিয়ার মোতায়েন করা সেনার সংখ্যায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
রোববার ও সোমবার তোলা বাণিজ্যিক স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তের বেশ কিছু জায়গায় রাশিয়ান সেনাবাহিনীর সক্রিয় কর্মকাণ্ড দেখা গেছে।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখনও তাদের বেশ কিছু সামরিক মহড়া চলছে। তবে কিছু শেষ হয়ে গেছে আর কিছু শেষের পথে রয়েছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে মস্কো পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।
ইউক্রেনের ওপর হামলা হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা বিশ্ব যে দ্বিধা করবে না, তা পুতিনকে আবারও জানাতেই তিনি মস্কো গিয়েছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় সাম্প্রতিক সময়ে রাশিয়ার পুঁজিবাজারে যে বড়সড় পতন ঘটেছিল, সেনা সরিয়ে নেয়ার পরপরই তাতে উত্থান ঘটেছে।
একাত্তর/এসজে