ইউক্রেন সংকট নিয়ে জরুরি অধিবেশনের প্রস্তাব পাস

রাশিয়াকে একঘরে করতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করছে পশ্চিমা মিত্ররা। সরাসরি যুদ্ধে না জড়িয়ে রাশিয়াকে যুদ্ধে থেকে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিতে চায় পশ্চিমারা।

এরই অংশ হিসেবে জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের বিরল জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

সোমবার বিশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও একটি ভোটাভুটি থেকে এদিন বিরত থাকে ভারত ও চীন।

ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘের বিশেষ সাধারণ সভা ডাকার লক্ষ্যে রোববার (২৭ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়।

সে প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এ ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসংঘের ইতিহাসে বিরল।

এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল, তখন এ ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেয়া হয়েছিল।

বিশেষ সাধারণ সভার ভোট রাশিয়া স্বাভাবিকভাবেই না ভোট দেয়। ফলে ১৫টি ভোটাভুটির মধ্যে ১১-১ ব্যবধানে প্রস্তাব গৃহীত হয়। 

আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, কেনিয়া, গ্যাবন, আয়ারল্যান্ড, আলবেনিয়া, নরওয়ে, মেক্সিকো এবং ব্রাজিল প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

প্রসঙ্গত, ইউক্রেনের স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত সেদেশে ১৪ জন শিশুসহ মোট ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে রাশিয়ার হামলায়। মোট ১৬৮৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গোটা ইউক্রেন জুড়েই চলছে গণযুদ্ধের প্রস্তুতি

এই পরিস্থিতিতে রাশিয়ার আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। রাশিয়ার দেয়া প্রস্তাব প্রথম দিকে ফেরালেও দিনের শেষে সেই বেলারুশেই রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে।


একাত্তর/আরএ