ইউক্রেনের সঙ্গে রাশিয়া স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আলোচনার টেবিলে বসতে পারবে বলে জানিয়েছেন রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থার খবরে বেলারুশের গোমেল অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের বিষয়ে এ তথ্য জানানো হয়।
ইতিমধ্যে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আলোচনার মূল এজেন্ডা হবে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার।
নিরাপত্তা এবং পরিকল্পনাগত ইস্যুতে ওই আলোচনা স্থগিতের গুঞ্জন শোনা গেলেও পরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আলোচনার ভেন্যুতে প্রতিনিধি দল পৌঁছানোর ঘোষণা দেয়।
ওই প্রতিনিধি দলে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি বেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। সকালে তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছান।
এদিকে, রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি অভিযোগের সুরে বলেন, ‘আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।’
এর আগে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই আলোচনা থেকে বড় কোনও কিছু আশা করছেন না তিনি।
তবে জেলেনস্কি জানান, তাদের চেষ্টা করা উচিত এবং ছোট হলেও যেকোনও সুযোগ ব্যবহার করবেন তারা। যাতে কেউ যুদ্ধ থামানোর চেষ্টা হয়নি বলে ইউক্রেনকে দোষারোপ করতে না পারে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর ইউক্রেনের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
একাত্তর/জো