ইউক্রেন রাশিয়ার চলমান সংঘাত নিয়ে অবশেষে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে এসে পৌঁছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কিয়েভের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনার মূল বিষয় হলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।
আরও পড়ুন: বৈঠকে যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহার দাবি করবে ইউক্রেন
অভিযান শুরুর দীর্ঘ পাঁচ দিন পর আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন।
বৈঠক শুরু আগে ইউক্রেনের প্রেসিডেন্ট যেলেনস্কি রুশ সৈন্যদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করেছেন।
এদিকে, অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করে ইউক্রেন।
একাত্তর/এআর