মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনীয়দের আক্রমণ করার জন্য থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের সাথে আলচনার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মারকারোভার অভিযোগ, রাশিয়া থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে, যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত। জেনেভা কনভেনশন অনুযায়ী যেটির ব্যবহার নিষিদ্ধ।
ভ্যাকুয়াম বোমা উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে আশেপাশের এলাকার বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। সাধারণত একটি প্রচলিত বিস্ফোরকের তুলনায় এই বোমা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময় ধরে বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে এবং এটি মানবদেহকে বাষ্পীভূত করতে সক্ষম।
তবে ইউক্রেনের সংঘাতে থার্মোবারিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কিয়েভ অভিমুখে রাশিয়ার বিশাল বহর, বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ উভয়ই বলেছে যে রুশ বাহিনী ব্যাপকভাবে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে। অ্যামনেস্টি তাদের অভিযুক্ত করেছে যে তারা উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে হামলা করেছে যখন বেসামরিক লোকেরা ভিতরে আশ্রয় নিয়েছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, তিনি রিপোর্টটি দেখেছেন। তবে রাশিয়া যে এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তার নিশ্চিত নয়।
তিনি বলেন, যদি এটি সত্য হয়, তবে এটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হবে।
একাত্তর/আরবিএস