ইউক্রেনে এখন পর্যন্ত কমপক্ষে ৩৫১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ বলছে, ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আহত মানুষের সংখ্যা ৭০৭ ছাড়িয়ে গিয়েছে। এসব বেসামরিক নাগরিকদের অধিকাংশই আহত এবং নিহত হয়েছেন বিভিন্ন বিস্ফোরণের কারণে। রয়টার্সের খবর।
আরও পড়ুন: সাময়িক যুদ্ধবিরতি নিয়ে কিয়েভ মস্কো পাল্টাপাল্টি দাবি
জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করছে বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এইসব অস্ত্রের মধ্যে ভারী কামান,মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম ও ক্ষেপণাস্ত্র।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) অফিস জানাচ্ছে, "ওএইচসিএইচআর মনে করে যে প্রকৃত হতাহতের সংখ্যা আমরা যা জানতে পারছি তার চেয়ে অনেক বেশি, বিশেষ করে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে বেশি মানুষ হতাহতের শিকার হচ্ছেন। কিছু স্থান থেকে হতাহতের তথ্য প্রাপ্তিতে সমস্যা হচ্ছে।"