জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলতে পুতিনকে মোদীর পরামর্শ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ‘সরাসরি কথা’ বলার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার (৭ মার্চ) ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেন এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে জানাতে মোদীর সাথে কথা বলেছেন পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টেলিফোনে দুই নেতা অন্তত ৫০ মিনিট ধরে কথা বলেছেন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফোনালাপে মোদীকে ইউক্রেনের পাশে থাকার অনুরোধ জানান জেলেনস্কি।

সে সময় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের চলমান সংঘাত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। চলমান সংঘর্ষে জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: নিজেদের গুলিতেই দু’দিনে নিহত সাত বিএসএফ সদস্য

তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং সংলাপে বসার জন্য তার আহবান পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি প্রচেষ্টার দিকে ভারত যেকোন উপায়ে অবদান রাখতে ইচ্ছুক বলে জানান।


একাত্তর/আরএ