সংকট সমাধানে কাজ করতে সম্মত ইউক্রেন-রাশিয়া: কুলেবা

বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হলেও ইউক্রেনে মানবিক সংকট সমাধানে প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে দুই দেশই। 

বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আনাতালিয়ায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। 

এসময় তিনি বলেন, এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার সুযোগ থাকলে ভবিষ্যতে আবারও এই পন্থায় বৈঠক করতে রাজী আছেন তিনি। 

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হলে সেখানে শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা কর্তব্য বলে মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন: পঞ্জাবের সরকারি অফিসে থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি

কুলেবা বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে বেসামরিক নাগরিকদের দুর্দশা বন্ধ এবং রাশিয়ার সেনাবাহিনীর হাত থেকে ইউক্রেনের ভূখণ্ডকে মুক্ত করতে এ ধরনের পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। 

বৈঠক নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মন্তব্য এখনও পাওয়া যায়নি। 

উল্লেখ্য, তুরস্কের আনাতালিয়া শহরে অনুষ্ঠিত এ বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। ইউক্রেনে রুশ হামলার পর এটিই উভয়পক্ষের মধ্যে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক।


একাত্তর/এসজে