ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে ইরপিন অঞ্চলে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনডকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের পুলিশ কর্মকর্তা আন্দ্রি নেবিটোভ। গাড়িতে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন।
এ হত্যার জন্য রুশ বাহিনীকে দায়ি করা হলেও, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কিয়েভ।
রোববার (১৩ মার্চ) সাংবাদিক ব্রেন্ট রেনডের মরদেহের ছবি, তার প্রেস আইডি এবং মার্কিন পাসপোর্টের ছবিও প্রকাশ করেছেন কিয়েভের ওই পুলিশ কর্মকর্তা।
ব্রেন্টের প্রেস আইডির তথ্য মতে, তিনি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
কিন্তু জনপ্রিয় মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে, বর্তমানে বা মৃত্যুর আগে ব্রেন্ট তাদের পত্রিকার কোনো কাজে যুক্ত ছিলেন না। তবে পূর্বে তিনি এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে দৈনিকটি।
আরও পড়ুন: ইরবিলে মার্কিন কনস্যুলেটে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে ব্রেন্টের আরেক সহকর্মী সাংবাদিকও এ হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।
জার্মান সংবাদমাধ্যম ডেয়েচে ভ্যালে বলছে, ৫১ বছর বয়সী ব্রেন্ট একজন পিবডি এবং ডুপন্ট পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা। যিনি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মানবিক গল্প তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করছেন।