ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন, মেটার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

প্রতারণামূলক বিজ্ঞাপনে পৃষ্ঠপোষকতার অভিযোগে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে দায়ী করে আইনী পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৮ মার্চ) অস্ট্রেলিয় প্রতিযোগিতা ও ভোক্তা কমিশনের (এসিসিসি) এক বিবৃতিতে মেটার বিরুদ্ধে এই মামলার বিষয়ে জানিয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি। 

নিয়ন্ত্রক সংস্থাটি বলে, ভুয়া ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন প্রচারের সুযোগ করে দিয়ে ‘মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক’ কর্মকাণ্ডে অংশ নিয়েছে ফেসবুক।

এই পদক্ষেপের ফলে অর্থদণ্ডসহ অন্যান্য জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মেটার। 

পূর্বে স্ক্যামারদের তার প্ল্যাটফর্মের বাইরে রাখার ঘোষণা দিলেও এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি তারা। 

এসিসিসি বলেছে, বিজ্ঞাপনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সেলিব্রেটিদের ভুয়া বক্তব্য প্রচার করা হয়েছে এবং সেই বিজ্ঞাপনগুলো নিজ প্ল্যাটফর্মে প্রচারের সুযোগ দিয়েছে ফেসবুক। 

নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন প্রিমিয়ার মাইক বেয়ার্ড, জনপ্রিয় টিভি হোস্ট ডেভিড কোচ, মিলিয়নিয়ার উদ্যোক্তা ডিক স্মিথ প্রমুখের পরিচিতি তাদের অনুমতি না নিয়েই ওই মিথ্যা বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে। 

এসিসিসি চেয়ারম্যান রড সিমস বলেন, মেটা এই বিজ্ঞাপনগুলোর দায় নিতে বাধ্য কারণ এগুলো তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত। 

দুঃখজনক এক উদাহরণ হল একজন ভোক্তা এই ভুয়া বিনিয়োগ সম্ভাবনার বিজ্ঞাপনে প্রতারিত হয়ে সাড়ে ছয় লাখ অস্ট্রেলিয় ডলার খুইয়েছেন, জানান সিমস। 

উল্লেখ্য, গত মাসেও অস্ট্রেলিয় বিলিওনিয়ার অ্যান্ড্রু ফরেস্ট মেটার বিরুদ্ধে এক ফৌজদারি মামলা ঠুকেছিলেন ভুয়া বিজ্ঞাপনে তার ছবি ব্যবহারের কারণে। 


একাত্তর/জো