তালেবানের বিরুদ্ধে দানিশ সিদ্দিকির পরিবারের মামলা

পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকিকে হত্যার বিচার চেয়ে তালেবানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তার বাবা-মা। 

বুধবার (২৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ছয় তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন দানিশের বাবা-মা। 

তাদের অভিযোগ, দানিশকে আটক করে তাকে অত্যাচার ও হত্যার পর তার অঙ্গচ্ছেদ করে তালেবান। 

এক বিবৃতিতে দানিশের মা শাহিদা আক্তার বলেন, শুধুমাত্র সাংবাদিক হিসেবে নিজের দায়িত্ব পালন করার জন্য তার ছেলেকে হত্যা করেছে তালেবান। 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৬ জুলাই কান্দাহারের স্পিন বলদাকে তালেবান আক্রমণের সময় ক্রসফায়ারে মারা যান দানিশ সিদ্দিকি। 

তবে পরে এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানায়, সেদিন জীবিত অবস্থায় স্থানীয় একটি মসজিদে 'ট্রিটমেন্ট'-এর জন্য নিয়ে যাওয়া হয় তাকে। এরপর কি হয়েছিলো তা এখনও অজানা। 

মৃত্যুর পর দানিশের অঙ্গচ্ছেদ করা হয় বলে পরে রয়টার্সকে জানায় ভারতীয় কর্তৃপক্ষ ও আফগান নিরাপত্তা কর্তৃপক্ষ। 

তবে তালেবান দাবি করে, তারা দানিশের মরদেহটি বিকৃত অবস্থায়ই পেয়েছিল। 

সাংবাদিক ও ভারতীয় হওয়ার কারণে দানিশকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন দানিশের বাবা-মায়ের আইনজীবী অভি সিং। একে একটি আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দেন তিনি। 

আরও পড়ুন: জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভ দমনে শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

উল্লেখ্য, করোনা মহামারির সময় ভারতে গণহারে মৃতদেহ সৎকারের ছবি তুলে ব্যাপক সমাদৃত হন দানিশ সিদ্দিকি। 

দশ বছরেরও বেশি সময় ধরে রয়টার্সের হয়ে কাজ করার সময় তিনি ২০১৮ সালে সম্মানজনক পুলিৎজার পুরস্কার লাভ করেন। 


একাত্তর/এসজে