যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট বুধবার (২৩ মার্চ) মারা গেছেন। মৃত্যুকালে তার সয়স হয়েছিল ৮৪ বছর। বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকাকালে (১৯৯৭ থেকে ২০০১) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত মেডেলিন অলব্রাইট। বৃহস্পতিবার জার্মান পত্রিকা ডোয়েচে ভ্যালের এক প্রতিবেদনে এ সংবাদ জানা যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ভয়ে নিজ জন্মভূমি চেকোস্লোভাকিয়া ছেড়ে  ম্যাডেলিনের পরিবার আশ্রয় নেয় যুক্তরাষ্ট্রে। শৈশব নিজ জন্মভূমিতে কাটলেও ম্যাডেলিন বেড়ে উঠেছিলেন মার্কিন জল হাওয়া প্রকৃতিতে।

স্থানীয় সময় বুধবার তার পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, আমরা  গভীর শোকের সাথে ঘোষণা দিচ্ছি যে,, যুক্তরাষ্ট্রের ৬৪তম এবং দেশটির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ড. ম্যাডেলিন কে অলব্রাইট আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অলব্রাইটের কর্মজীবনেরও প্রশংসা করেন বাইডেন। 

তিনি এক বিবৃতিতে বলেন, আমি যখনই ম্যাডেলিনের কথা ভাবি, বুঝতে পারি, আমি সবসময় তার প্রবল বিশ্বাসের কথা মনে রাখব। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি দৃঢ় ভালোবাসা মনে ধারণ করতেন এবং নিজের দেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন।

১৯৯৩ সালে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত হন অলব্রাইট। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে অলব্রাইটকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী দুই নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কন্ডোলিজা রাইস ও হিলারি ক্লিনটন।


একাত্তর/এসএ