রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার (২৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
তাদের প্রতিবেদন অনুযায়ী, এবছর ইউরোপীয় ইউনিয়নকে ১৫ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ পরিমাণ বর্তমানে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ।
চুক্তি সই শেষে বাইডেন বলেন, রাশিয়ার জ্বালানি সম্পদ থেকে অর্জিত অর্থ ব্যবহার করে পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশি দেশগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করছেন তিনি।
রাশিয়ার গ্যাস ব্যবহার কমালে যে সাময়িক অসুবিধার সৃষ্টি হবে, এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব তা কাটাতে সাহায্য করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে উরসুলা ফন ডার লিয়েন বলেন, 'রাশিয়ার কাছ থেকে সরে গিয়ে আমরা নির্ভরযোগ্য বন্ধুদের সরবরাহের ওপর আস্থা রাখতে চাই।'
এবছরের মধ্যে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের পরিমাণ দুই-তৃতীয়াংশ কমাতে চায় ইইউ। এছাড়াও আগামী ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধ করতে চায় তারা।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিসাইলের সফল উৎক্ষেপণ
বিবিসি বলছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে ইইউ-তে বছরে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করা এই চুক্তির লক্ষ্য।
উল্লেখ্য, বর্তমানে ইউরোপের ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে।
একাত্তর/এসজে