মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসবে পাকিস্তান, যেখানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১৩ শতাংশ।
এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে; পাশাপাশি বাংলাদেশ ও শীর্ষ দেশগুলোর কাতারে থাকবে। ২০২০ সালে বিশ্বের প্রায় অর্ধেক মুসলিম বাস করতেন ইন্দোনেশিয়া (২৩ কোটি ৯০ লাখ), পাকিস্তান (২২ কোটি ৭০ লাখ), ভারত (২১ কোটি ৩০ লাখ), বাংলাদেশ (১৫ কোটি ১০ লাখ) ও নাইজেরিয়ায় (১২ কোটি)।
ভবিষ্যতে শীর্ষ দশে ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা পেলেও উত্তর আমেরিকা, ইউরোপ কিংবা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কোনো দেশ শীর্ষ দশে থাকবে না।
২০৭০ সালের মধ্যে বিশ্বের ৩২টি দেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত অন্তত ৫ শতাংশ পয়েন্ট বাড়তে বা কমতে পারে। এর মধ্যে ৩১টি দেশেই অনুপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন আইভরি কোস্টে ৫ শতাংশ পয়েন্ট, আলবেনিয়ায় ১৬ শতাংশ পয়েন্ট এবং ইউরোপের সুইডেন ও ফ্রান্সে ১১ শতাংশ পয়েন্ট করে বাড়তে পারে; একমাত্র ব্যতিক্রম সুরিনামে অনুপাত ৬ শতাংশ পয়েন্ট কমতে পারে।
আরবি ভাষাভাষী দেশগুলোর মধ্যে শুধু লেবাননেই অনুপাত উল্লেখযোগ্যভাবে বাড়বে, কারণ বাকিগুলোর বড় অংশেই মুসলিম হার ইতোমধ্যে ৯৫ শতাংশ বা তার বেশি। ২০২০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকা ৫৩টি দেশ ও অঞ্চলের সবকটিতেই ২০৭০ সালেও সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে এবং আইভরি কোস্ট সংখ্যাগরিষ্ঠ হতে পারে; অন্যদিকে ৯২টি দেশ ও অঞ্চলে মুসলিমরা ৫ শতাংশেরও কম থাকবেন।
২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র সাতটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক।
২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সী জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি। তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে; যেমন ২০৭০ সাল নাগাদ উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধিতে প্রায় ৫০ লাখ ও অভিবাসনে আরও ১ কোটি মুসলিম যুক্ত হতে পারেন, যেখানে ধর্মীয় পরিচয় পরিবর্তনে কমতে পারে প্রায় ৪ লাখ ৬০ হাজার।
জরিপ বিশ্লেষণ বলছে, মুসলিম পরিবারে বেড়ে ওঠা ব্যক্তিদের ৯৯ শতাংশই প্রাপ্তবয়স্ক হয়ে ইসলাম ধর্মে থাকেন (ইউরোপে ৯৩ শতাংশ ও উত্তর আমেরিকায় ৮৫ শতাংশ), এবং এই হার কমে এলে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি ধীর হতে পারে।
আগামী ৫৫ বছরে ভারতে কমবে হিন্দু, বাড়বে মুসলিম
দেড় ঘণ্টার রুদ্ধদ্বার শেনজেন বৈঠকে কি আলোচনা হলো?
‘শক্তিধর দেশগুলোর মধ্যে সুসম্পর্ক ঐচ্ছিক নয়, অপরিহার্য’