পাকিস্তান পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হয়েছে গেলো সোমবার। অনাস্থা প্রস্তাব উত্থাপনের পরপরই ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি। এসব নিয়ে আগে থেকেই চাপে ছিল ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরইমধ্যে এবার জোটসঙ্গী হারিয়ে আরেকটি বড় ধাক্কা খেলেন ইমরান সরকার।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, অনাস্থা প্রস্তাব নিয়ে পাক সংসদে ভোটাভুটির আগেই ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রধান জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। ইমরানের দল ছেড়ে বিরোধী দল পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি) সঙ্গে চুক্তি করল এমকিউএম।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি টুইট বার্তায় জানান, ইতিমধ্যেই ঐক্যবদ্ধ বিরোধী জোট এবং এমকিউএম নিজেদের মধ্যে একটি চুক্তি করেছে। রাবতা কমিটি এমকিউএম এবং পিপিপি নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী জোটের মধ্যে চুক্তি অনুমোদন করবে। আমরা বুধবার একটি সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব। পাকিস্তানকে অভিনন্দন।
এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধীদলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। অন্যদিকে ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। অনাস্থা ভোটে ইমরানকে হারাতে ১৭২ জন সদস্যের ভোটের প্রয়োজন বিরোধীদের। আর এটি হলে, গদিচ্যুত হবে ইমরানের সরকার।
আরও পড়ুন: মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে: ফখরুল
এর আগে ৮ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে জমা দেওয়া হয়। বিরোধীদের দাবি, পার্লামেন্টের বেশির ভাগ সদস্য ইমরানের বিপক্ষে ভোট দেবেন।
একাত্তর/আরবিএস