নিষেধাজ্ঞার ফোঁকর গলে পশ্চিমা পণ্য আমদানি করবে রাশিয়া

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনেক পণ্যই আর হাতের কাছে পাচ্ছেন না রাশিয়ান নাগরিকরা। তাই এসব পণ্য তাদের জন্য সহজলভ্য করতে অননুমোদিত আমদানির অনুমতি দেবে দেশটির সরকার। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন 'প্যারালাল ইম্পোর্টস'-এর অনুমোদন দেন, যার ফলে ট্রেডমার্ক মালিকের অনুমতি ছাড়াই পণ্য আমদানি করতে পারবেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। 

মিশুস্তিন বলেন, এখন পর্যন্ত ট্রেডমার্ক মালিকের অনুমোদন ছাড়া রাশিয়াতে পণ্য আমদানি করে বিক্রি করা যেতো না। 

তবে এই নিয়মের ফলে কোম্পানির অনুমতি ছাড়াই তাদের পণ্য আমদানি ও বিক্রি করা যাবে। ফলে বাজারে পশ্চিমা পণ্যের সরবরাহ বাড়বে। 

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমদানিযোগ্য পণ্যের তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: নিউ ক্যালাডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। 

এর ফলে দেশটিতে মূল্যস্ফীতির হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ সপ্তাহে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশে। 


একাত্তর/এসজে