সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে তেলের গুদামে হামলার ঘটনায় মস্কো ইউক্রেনকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
রাশিয়ার ভূখণ্ডে হওয়া যেকোনো কিছুর দায় রাশিয়াকেই নিতে হবে বলে জানিয়েছে তারা, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর।
আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরে স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করেছে এবং সীমান্ত থেকে ২৫ মাইল দূরে অবস্থিত একটি তেলের গুদামে রকেট ছুড়েছে।
এর পরপরই ওই তেলের গুদামে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।
তবে রাশিয়ার এমোণ অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ এ হামলার দায় অস্বীকার করে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘কিছু কারণে তারা বলছে আমরাই এ কাজ করেছি। তবে সত্যিকার অর্থে তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
ইউক্রেন প্রেসিডেন্টের সহযোগী ওলেক্সি অ্যারেস্তোভিচ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব ভূখণ্ডে আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রম চালাচ্ছি। রুশ ভূখণ্ডে যা কিছু ঘটবে, তার দায় রাশিয়ার নেতাদেরই বহন করতে হবে।’
এদিকে, আলোচনা ব্যাহত করতেই এ হামলার দৃশ্য সাজানো হয়েছে বলে অনেক বিশ্লেষকের অভিমত।
আর এ হামলার কারণে আলোচনা ভেস্তে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করবে রাশিয়া।
একাত্তর/জো