ইউক্রেনে ১৩২৫ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এক হাজার ৩২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। 

২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া, ওইদিন থেকে ১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হওয়া বেসামরিক মৃত্যু নিয়ে সর্বশেষ এই উপাত্ত প্রকাশ করে ওএইচসিএইচআর। 

শনিবার (২ এপ্রিল) সংস্থাটি জানায়, ইউক্রেনে ১২০ জন শিশুসহ মোট এক হাজার ৩২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও দুই হাজার ১৭ জন। 

তবে ওএইচসিএইচআর বলছে, হতাহতের প্রকৃত সংখ্যা "উল্লেখযোগ্যভাবে বেশি"।

এছাড়া ওএইচসিএইচআর আরও জানায়, পূর্বের অঞ্চল দোনেতস্ক এবং লুহানস্ক থেকে ৪৪৮ জনের এবং কিইভ, খারকিভ, চেরনিহিভ, খেরসনসহ অন্যান্য অঞ্চলে আরও ৮৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

আরও পড়ুন: রাশিয়ায় পুতিনের জনসমর্থন বেড়েছে: জরিপ

সংস্থাটির বরাতে এনএইচকে আরও জানায়, বিস্ফোরক, ভারি কামান, রকেট লঞ্চিং সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণেই বেশিরভাগ বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটনা ঘটেছে।

ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা নেতাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুসারে একটি সংঘাতে বেসামরিক নাগরিক এবং অ-সামরিক অবকাঠামোর ওপর আক্রমণ চালানো যুদ্ধাপরাধের সামিল। 


একাত্তর/আরবিএস