একদিনের ব্যবধানে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী

দায়িত্ব গ্রহণের মাত্র একদিন পরেই পদত্যাগ করলেন শ্রীলংকার নতুন অর্থমন্ত্রী আলী সাবরি। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে তাকে এ পদে নিয়োগ দিয়েছিলেন। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৫ এপ্রিল) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সাবরি। 

প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে সাবরি বলেছেন, আমি অর্থমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, আমি অসুবিধার কারণে দু:খ প্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি আমি সব সময় দেশের স্বার্থে কাজ করেছি।

এর আগে সোমবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরালও পদত্যাগ করেন। একইদিনে দেশটির সব মন্ত্রীরাও পদত্যাগ করেন।

এদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সংসদে সব রাজনৈতিক দলকে জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয়: কমিশন

যদিও রাজাপাকসের ডাকে সাড়া দেয়নি অধিকাংশ রাজনীতিবিদ। 

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

গেলো কয়েক বছর ধরে দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে। বিদেশি ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার আজ এই অবস্থা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 

একাত্তর/আরবিএস