রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি জেলেনস্কির

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (৫ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে এ দাবি উত্থাপন করেন জেলেনস্কি। 

রুশ সেনারা ইউক্রেনের বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে হত্যা করছে এবং ট্যাংকের নিচে পিষে মারছে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

জেলেনস্কি আরও বলেন, রুশ সেনারা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কেটেছে, গলা কেটেছে। নারীদের তাদের সন্তানদের সামনে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পেশ করেননি তিনি।  

কিয়েভের কাছে বুচা শহরের রাস্তায় বেসামরিক নাগরিকদের মৃতদেহ পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। 

যদিও এসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। বুচা শহরে রুশ সেনারা গণহত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে পশ্চিমা অভিযোগকে 'ভয়ঙ্কর জালিয়াতি' হিসেবে অভিহিত করেছে রাশিয়া। 

ক্রেমলিনের অভিযোগ, রুশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতেই এই মিথ্যাচার।  

এদিকে ইউক্রেনের অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার চাপাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 


একাত্তর/আরবিএস