মন্ত্রিসভা নিয়ে বিশেষ বৈঠকে ইমরান খান

পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দেশটির সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যনির্ধারণী অধিবেশন শুরু হলেও কয়েক দফা তা মুলতবি হয়েছে। আবার অধিবেশনে শুরু হলে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। 

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় ১০টায়) মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বদলে যেতে পারে অনেক কিছুই। শনিবার রাতেই জানা যাবে সিদ্ধান্ত। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এক সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

চলতি সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব ও দেশটির নতুন পররাষ্ট্রনীতিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।  

সবশেষ গত রোববার ইমরানের উপর আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বর্ণনা করে ভোট বাতিল করেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি। 

ইমরানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট বর্তমান আইন সভা ভেঙ্গে দেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের ডাক দেন। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইন সভা পুনরুজ্জীবিত করার রায় দেয় এবং অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণের জন্য শনিবার দিন ধার্য করে দেয়।

আরও পড়ুন: ২৪ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংসদের কার্যক্রম শুরু হলেও সংবাদমাধ্যম ডন জানিয়েছিল, অধিবেশনে বিরোধী দলগুলোর প্রায় সব আইনপ্রণেতাকে দেখা গেলেও সরকারি দলের সামনের সারির সদস্যদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি, এমনকি প্রধানমন্ত্রী ইমরান খানও অনুপস্থিত ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এরপর ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। 


একাত্তর/আরবিএস