পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই মেয়াদ পূর্ণ করতে পারেননি

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর গঠিত হয় স্বাধীন পাকিস্তান। কিন্তু গেলো ৭৫ বছরে পাকিস্তানের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই তালিকার ১৯তম ব্যক্তি।

ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা প্রস্তাব ও সাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে ১৯৫১ সালের ১৬ অক্টোবর হত্যা করা হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মোট সাতজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। বরখাস্তের সম্মুখীন হন পাঁচজন। এছাড়া সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন চারজন প্রধানমন্ত্রী। নওয়াজ শরীফ ও ইউসুফ রাজা গিলানি এমন দুইজন প্রধানমন্ত্রী ছিলেন যারা সুপ্রিম কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত হন এবং ক্ষমতাচ্যুত হন।

অন্যদিকে শওকত আজিজ, রাজা পারভেজ আশরাফ এবং শহীদ খাকান আব্বাসি জাতীয় সংসদে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন; কিন্তু তারা মূলত তাদের পূর্বসূরিদের অযোগ্যতা এবং পদত্যাগের পরে অবশিষ্ট মেয়াদ শেষ করার জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: করোনায় টানা ছয় দিন মৃত্যুশূন্য, হঠাৎ বাড়লো শনাক্ত

পাক প্রধানমন্ত্রীদের তালিকায় থাকা নওয়াজ শরীফই একমাত্র ব্যক্তি যিনি তার তিন মেয়াদে চারবার দেশের শীর্ষ পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে এতো কিছুর পরও শরীফই তিন হাজার ৪২২ দিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জন করেন। বেনজির ভুট্টো, লিয়াকত আলী খান, ইউসুফ রাজা গিলানি এবং জুলফিকার আলি ভুট্টোর পরে, ইমরান খান ষষ্ঠ ব্যক্তি হিসবে প্রধানমন্ত্রীর পদে এক হাজার ৩৩৫ দিন বহাল ছিলেন। 


একাত্তর/আরবিএস