নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গুলি, ১৩ জন আহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। বেশ কয়েকজন হয়েছেন গুলিবিদ্ধ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দমকল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানায়, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। সব মিলিয়ে ১৩জন আহতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা-বাহিনীর একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী নির্মাণকাজের ভেস্ট ও একটি গ্যাস মাস্ক পরা ছিল।

ঘটনার একটি ছবিতে দেখা গেছে, রক্তাক্ত যাত্রীরা স্টেশনের মেঝেতে পড়ে আছে। স্টেশনের বাইরে এক ডজনের বেশি পুলিশ ও দমকলবাহিনীর গাড়ি অবস্থান করছে।

আরও পড়ুন: নিজেদেরকে ঋণ খেলাপি হিসাবে ঘোষণা দিলো শ্রীলঙ্কা

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, স্টেশনটিতে ট্রেনের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। তারা জানান মেয়রের করোনা পজেটিভ হওয়ায় এ বিষয়ে বিস্তারিত টুইটারে জানানো হবে।


একাত্তর/আরএ