যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী এক ইউক্রেনিয় এবং এক রুশ নাগরিক মেক্সিকোর সীমান্ত শহর টিহুয়ানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন ইউক্রেনীয় নাগরিক দারিয়া সখনিউক এবং রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি।
যুদ্ধ শুরুর আগে দু'জনেড়ই বসবাস ছিলো ইউক্রেনেই।
তেলেমনুন্দা টেলিভিশন নেটওয়ার্ককে তারা জানান, কিয়েভেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে যুদ্ধের কারণে তা বাতিল করতে হয়।
ইউক্রেনিয় নাগরিক দারিয়া সখনিউক বলেন, মেক্সিকোর টিহুয়ানায় তাদের একত্রিত হতে সাহায্য করা কিছু চমৎকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তিনি খুশি।
এই যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের পর দারিয়ার ২৭তম জন্মদিন পালন করেন। ঐতিহ্যবাহী মেক্সিকান ‘টাকুইজা’ উৎসব এবং ‘মারিয়াচি’ সঙ্গীতে জন্মদিন পালন করেন তারা।
টিহুয়ানা শহর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুগল দুই সপ্তাহ আগে মেক্সিতো পৌঁছান। রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার যোগ্য বলে বিবেচিত হননি। কারণ যুক্তরাষ্ট্র এখন কেবল যুদ্ধ থেকে পালানো ইউক্রেনিয়দের অভিবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
তবে একজন ইউক্রেনিয়কে বিয়ে করায় এখন সেমেন বব্রোভস্কি আশা করছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
নিউ ইয়র্কে নতুন করে বসবাস শুরু করবেন এই যুগল, জানান সেমেন বব্রোভস্কি।
একাত্তর/জো