এভারেস্ট চূড়ায় পর্বতারোহীর মৃত্যু

এভারেস্টের চূড়ায় একাধিকবার আরোহণকারী এক নেপালি পর্বতারোহী মারা গেছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) অভিযানের আয়োজকরা জানান, পর্বতারোহণের এ মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বতে প্রথম প্রাণহানির ঘটনা এটি। 

সংবাদসংস্থা এএফপি জানায়, নিহত পর্বতারোহীর নাম নগিমি তেঞ্জি শেরপা (৩৮)। বৃহস্পতিবার ভোরে বিপজ্জনক খুম্বু বরফ প্রপাতের অপেক্ষাকৃত নিরাপদ স্থানের কাছাকাছি 'ফুটবল মাঠ' নামে পরিচিত একটি ট্রেইলে তার মৃতদেহ পাওয়া যায়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্বতাভিযান সংস্থা ইন্টারন্যাশনাল মাউন্টেন গাইডসের (আইএমজি) স্থানীয় অংশীদার বেউল অ্যাডভেঞ্চারসের পাসাং সেরিং শেরপা বলেন, 'তার মৃতদেহ নামিয়ে আনা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক পরীক্ষায় অধিক উচ্চতা সংশ্লিষ্ট অসুস্থতার ইঙ্গিত পাওয়া গেছে।'

শেরপা ক্যাম্প ২-এর জন্য সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। তাকে বসা অবস্থায় পাওয়া গেছে। এসময় তিনি একটি ব্যাকপ্যাক বহন করছিলেন।

এর আগে গত মঙ্গলবার ধৌলাগিরিতে আট হাজার ১৬৭ মিটার উচ্চতায় এক গ্রীক পর্বতারোহীর মৃত্যু হয়। অ্যান্তোনিওস সাইকারিস (৫৯) বিশ্বের সপ্তম-সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সাত হাজার চারশ' মিটার উচ্চতায় মারা যান।

নেপালে বিশ্বের আটটি সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত, বসন্ত ঋতুতে তাপমাত্রা উষ্ণ থাকে ও বাতাস সাধারণত শান্ত থাকে। এ সময় শত শত অভিযাত্রীকে পর্বত আরোহণের জন্য আসতে দেখা যায়। ২০২০ সালে মহামারির কারণে পর্বতারোহণ বন্ধ রাখার পর গত বছর আবার খুলে দেয়া হয়।


একাত্তর/এসজে