আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৩৫

আফগানিস্তানের দু’টি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজের খবরে বলা হয়েছে, শনিবার (১৬ এপ্রিল) সীমান্তবর্তী খোস্ত ও কুনোর প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান থেকে রকেট ও বোমা হামলা হয়। হামলায় কুনোর প্রদেশে চার শিশু ও এক নারী মারা গেছেন। এতে এক পুরুষ আহত হয়েছেন। 

আর খোস্ত প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। 

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার ব্যাখ্যা চাইতে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। 

তবে এ ব্যাপারে পাকিস্তানের তরফ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।


একাত্তর/জো