স্বল্প দূরত্বে উড়োজাহাজ চলাচল বন্ধ করতে যাচ্ছে ফ্রান্স

বায়ুমণ্ডলে কার্বন নিগর্মন কমাতে স্বল্প দূরত্বের আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে একটি আইনে সায় দিয়েছে ফ্রান্সের আইনপ্রণেতারা। এর ফলে দেশটির যে সব রুটে চলাচলের জন্য ট্রেন রয়েছে, সে সব রুটের আকাশপথ বন্ধ হচ্ছে।

রোববার রাতে ফ্রান্সের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিলের পক্ষে ভোট দেন দেশটির আইণপ্রণেতারা। বিলে বলা হয়েছে, যেসব পথে আড়াই ঘন্টার নিচে ট্রেনে যাতায়াত করা যায়, সেসব পথে আভ্যন্তরীণ উড়োজাহাজ চলবে না। এই আইনে কানেক্টিং ফ্লাইট চলাচলে কোন বিধিনিষেধ থাকছে না। 

বিলটি আইনে পরিণত হবার আগে দেশটির সিনেটে আবারো ভোটাভুটি হবে। তবে, সেখানেও এটির পক্ষে রায় হবে বলে আভাস মিলেছে।  ফ্রান্স এমন এক সময়ে এই আইনে সায় দিলো, যখন করোনা মহামারীতে বিপর্যস্ত আকাশ পথের বাণিজ্য। পরিসংখ্যান বলছে, মহামারীর কারণে ২০১৯ সালের তুলনায় পরের বছর গোটা বিশ্বে ফ্লাইটের সংখ্যা কমেছে ৪২ শতাংশ।

এমন পরিস্থিতির পরেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো জলবায়ু বিষয়ে তাঁর প্রতিশ্রুতি রক্ষায় অটল। ২০১৯ সালে এক জলবায়ু সম্মেলনে ঘোষণা দেন আভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল কমিয়ে আনা। ওই সময় তিনি জানান, চার ঘন্টার ট্রেন পথের সব রুট থেকেই উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ করবেন তিনি। নতুন আইন নেই প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ হিসাবেই বিবেচিত হচ্ছে। 

নতুন বিলটি আইনে পরিণত হলে প্যারিসের সঙ্গে নঁতে, লিঁও ও বোখদোর মতো শহরে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। কারণে, এসব পথে ফ্রান্সে রয়েছে দ্রুতগতির বুলেট ট্রেন।