এবার যুদ্ধবিমান কেনার জন্য নাগরিকদের কাছে অর্থ সহায়তা চাইলো ইউক্রেন। এনিয়ে একটি বিশেষ প্রচার অভিযানে নেমেছে দেশটি। এর নাম দেয়া হয়েছে, ‘প্লিজ বাই মি এ ফাইটার জেট’। যার অর্থ দাঁড়ায়, আমাকে একটি যুদ্ধবিমান কিনে দাও।
যুদ্ধবিমান কেনার অর্থ সংগ্রহের এই প্রচার অভিযানের জন্য আলাদা একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। যেখানে বড় বড় হরফে লেখা রয়েছে, ‘প্লিজ বাই মি এ ফাইটার জেট’। এই পোর্টালে এক ভিডিওতে দেখা যাচ্ছে এই বৈমানিক ধ্বংসস্তুপের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন।
শেষ পর্যায়ে ক্যামেরায় বলে উঠেন, দয়া করে আমাকে একটি যুদ্ধবিমান কিনে দিন। যা দিয়ে আমার মাটিতে বোমা ফেলা, আমার স্বজন ও বন্ধুকে হত্যা করা এবং আমার জানা সব কিছু ধ্বংস করে দেয়া রুশ ফাইটারের বিরুদ্ধে লড়াই করতে পারবো।
ইউক্রেন পাইলটদের কী ধরনের ফাইটার জেট প্রয়োজন, তাও ওয়েবসাইটে বলা আছে। উল্লেখ আছে রাশিয়ার তৈরি সুখই যুদ্ধবিমানের বিভিন্ন মডেল। সেই সঙ্গে বলা হয়েছে খুব শিগগিরই পাইলটরা আমেরিকার তৈরি আধুনিক যুদ্ধবিমান চালানো আয়ত্তে নিয়ে আসবে।
আরও পড়ুন: প্রথমবার প্রকাশ্যে এলো ডুবন্ত রণতরী মস্কোভার ছবি
ওয়েবসাইটে আরো বলা হয়েছে, একটি যুদ্ধবিমান কিনতে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার দরকার হতে পারে।
উল্লেখ্য, গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটি বহু দেশের কাছে যুদ্ধবিমান চাইলেও, এখনও একটিও পায়নি।
একাত্তর/আরএ