ইউক্রেনের বুচা শহরে গণহত্যায় অভিযুক্ত সেই ৬৪ সতন্ত্র গার্ডস মোটর রাইফেল ব্রিগেডকে সম্মানসূচক ‘গার্ডস’ উপাধি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (১৮ এপ্রিল) পুতিনের স্বাক্ষরিত এক চিঠিতে ‘রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য’এই উপাধি দেয়ার পাশাপাশি এ ব্রিগেডের সদস্যদের ‘বীরত্বের ও সাহসের’প্রশংসা করা হয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালে বিচক্ষণ ও সাহসী কর্মতৎপরতার জন্য এই ইউনিটের সদস্যরা সামরিক দায়িত্ব পালন, সাহসিকতা, ত্যাগ ও পেশাদারিত্বের রোল মডেলের ভূমিকা পালন করেছেন।’
এদিকে, এপ্রিলের শুরুতেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, রাশিয়ার এই ইউনিট রাজধানী কিয়েভের কাছে দখল করে নেয়া বুচা শহরে যুদ্ধাপরাধ করে।
তারা জানায়, রাশিয়ার সৈন্যরা এই শহর থেকে চলে যাওয়ার পর বেসামরিক পোশাক পরিহিত অনেক মানুষের লাশ বিভিন্ন রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এদের অনেকের হাত বাঁধা অবস্থায় ছিল। এছাড়া, এই শহরের গণকবর পাওয়া যাওয়ার দাবিও করে তারা।
সেসময়ই এমন অভিযোগ ক্রেমলিন প্রত্যাখান করেছে এবং তারা বলেছে, লাশের এসব ছবি ‘ভূয়া’।
ইতোমধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর এ ব্রিগেডের সদস্যদের নাম, পদবি এবং পাসপোর্টের বৃত্তান্ত প্রকাশ করে।
একাত্তর/জো