ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রেমিনা শহরের দখল নিয়েছে রুশ সেনারা। ইউক্রেনে
রুশ অভিযান শুরুর পর থেকে এটাই প্রথম কোনো শহর যার পুরোপুরি নিয়ন্ত্রণে নিলো পুতিন
বাহিনী।
এদিকে মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিয়েভ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর ক্রেমিনা। ১৮ হাজারের বেশি জনসংখার শহরটি এখন রুশদের দখলে। পূর্ব ইউক্রেনে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর প্রথম জয় এটি।
লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই জানান, ক্রেমিনা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাদের প্রত্যাহার করতে হয়েছে বলে জানান তিনি।
সেখানে প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছেন তিনি। তবে এই দাবির বিষয়ে ক্রেমলিলেন কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য আবারো নতুন সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। বুধবার স্থানীয় সময় দুপুর দুটার মধ্যে অস্ত্র জমা দিতে বলেছে রাশিয়া।
এর আগে গেল রোববার সকাল ৬টা থেকে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেয় ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের কাছে প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে এরইমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতো।
তিনি বলেন, রাশিয়া যেসব অস্ত্র ব্যবহার করছে, সেগুলো আমাদের বন্ধুদের কাছে আছে। এসব অস্ত্র ব্যবহারের অনুমতি যদি থাকতো, তাহলে এতোদিনে আমরা এই যুদ্ধ শেষ করে ফেলতাম।
আরও পড়ুন: ইউরোপের আরো ৩১ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ রাশিয়ার
এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এবার কোন ধরনের অস্ত্র পাঠানো হবে তা স্পষ্ট করা হয়নি। গত সপ্তাহে ইউক্রেনকে সহায়তায় ৮০ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
একাত্তর/আরবিএস