আজভস্টাল ছেড়ে গেছেন ২০ বেসামরিক নাগরিক

২০ জন বেসামরিক মানুষের একটি দল ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানা  ছেড়ে গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহরের এ অংশটিই এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ শিল্প এলাকাটি অবরুদ্ধ করে দেয়ার নির্দেশ দেওয়ার পর প্রথম দল হিসেবে তারা কারাখানা ছেড়ে গেছেন। 

এদিকে, রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ২৫ জন বেসামরিক মানুষ সেখান থেকে বের হতে সক্ষম হয়েছে, যার মধ্যে ১৪ বছরের কম বয়সী ছয়টি শিশু রয়েছে। 

আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার জানিয়েছেন, তাদেরকে উপযুক্ত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে জাপোরিজজিয়াতে নেয়া হবে।

তবে, দলটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। মারিউপোলের ওই স্টিল প্ল্যান্টের ভেতরে এখনও আটকা পড়ে আছে এক হাজার বেসামরিক নাগরিক। 

তাদেরকে মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এক সপ্তাহ আগে মারিউপোল নিজেদের দখলে নেওয়ার দাবি করে রাশিয়া।

আরও পড়ুন: শাহবাজের সফরে কভারেজ দিতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুত ১৭

ইউক্রেইনের দক্ষিণের পুরো উপকূল কব্জায় নেয়ার পরিকল্পনা করছে মস্কো; মারিউপোলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ তাদের ওই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের ভূমিকা রাখবে।

এটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক ও লুহানস্ককে ২০১৪ সালে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত করবে।


একাত্তর/এসি