বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে তরুণীর বাড়িতে আগুন, নিহত ৭

ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন সঞ্জয় দীক্ষিত (২০) নামে এক যুবক। কিন্তু বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়ায় ক্ষোভের বশে ওই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টায় কমপ্লেক্সে আগুন লাগিয়ে দেন সঞ্জয়। তরুণী বেঁচে গেলেও, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ওই কমপ্লেক্সের সাতজনের। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। অভিযুক্ত সঞ্জয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভারতীর সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (৭ মে) ভোরে মধ্যপ্রদেশের ইনদোরের বিজয়নগরে এ ঘটনা। 

পুলিশ জানিয়েছে, বিজয়নগরের একই কমপ্লেক্সে ভাড়া থাকতেন সঞ্জয় ও ওই তরুণী। মাস কয়েক আগে সঞ্জয় সেখান থেকে অন্যত্র চলে যান। কমপ্লেক্সে থাকার সময় ওই তরুণীর প্রেমে পড়েন তিনি। তাকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করেন। সঞ্জয় যখন জানতে পারেন যে তরুণীর অন্যত্র বিয়ে হচ্ছে, তখন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। 

পুলিশের ধারণা, সেই রাগের বশেই কমপ্লেক্সের গ্যারাজে রাখা তরুণীর স্কুটারে রাতে আগুন লাগিয়ে দেন সঞ্জয়। তখন কমপ্লেক্সের বাকিরা ঘুমিয়ে ছিলেন।

নিহত সাত

স্কুটারের আগুন ধীরে ধীরে কমপ্লেক্সের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা কমপ্লেক্সের কয়েকজন টের পেতেই প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু আগুন তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন ব্যালকনি ও ছাদ থেকে ঝাঁপ দেন।  

আরও পড়ুন: রেলমন্ত্রীর ইউটার্ন! টিটিই শফিকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, অপরাধীকে দ্রুত বিচারের আওয়াতায় আনা হবে। এছাড়া মৃতদের প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি দেয়ারও ঘোষণা দেন তিনি। 


একাত্তর/আরবিএস