ইউক্রেনের স্কুলে রুশ হামলায় ৬০ জন নিহতের আশঙ্কা

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলায় অন্তত ৬০ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইডাই রোববার (৮ মে) জানিয়েছেন, বিলোহোরিভকার কাছে এই স্কুলে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন, তবে স্কুল ভবনটির নিচে চাপা পড়ে আরো প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

জানা যায়, হামলার সময় ঐ ভবনটির মধ্যে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে ৩০ জনের মতো মানুষকে উদ্ধার করা গেছে। সাতজন বোমা হামলায় আহত হয়।

সেরহি হাইডাই অভিযোগ করেছেন, একটি রুশ বিমান থেকে শনিবার এই বোমা ফেলা হয়। তবে তার এই কথা স্বাধীন সূত্র থেকে যাচাই করা যায়নি। রাশিয়াও এখনো পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

লুহানস্কে রুশ সেনা এবং বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ইউক্রেনের সরকারি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে। গত দুইমাস ধরেই সেখানে তারা চেষ্টা করছে ইউক্রেনের সরকারি সেনাদের চারিদিক থেকে ঘেরাও করে ফেলতে।

আরও পড়ুন: চেকপোস্টে হামলা, ১১ মিশরীয় সেনা নিহত

বিলোহোরিভকা এলাকাটি ইউক্রেনের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত শহর সেভেরোদোনেৎস্ক শহরের কাছে, যেখানে শনিবার তীব্র লড়াই চলছিলো বলে খবর পাওয়া যাচ্ছিল। একটি ইউক্রেনিয়ান সংবাদপত্র ‘ইউক্রেনিস্কা প্রাভদা’ বলেছে, গত সপ্তাহে এই গ্রামটিকে ঘিরেই সবচেয়ে ভয়ঙ্কর লড়াই হয়েছে।


একাত্তর/আরএ