ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র বিজয়ী হতে চলেছেন। এর মধ্যে দিয়ে ৩৬ বছর আগে গণঅভুত্থানে ক্ষমতা হারানো মার্কোস পরিবার আবারও দেশটির ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে।
মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি।
সোমবার (৯ মে) ফিলিপিন্সে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ছয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণে ছয় কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।
চূড়ান্ত ঘোষণার আনুষ্ঠানিকতা এখনও বাকি থাকলেও ফিলিপিন্সের নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনেটর বংবং মার্কোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক কোটি ৬০ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত জয়ের পথে রয়েছেন।
আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকিরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।
একাত্তর/এসি