মহাকাশ অভিযাত্রায় আরো একটি নতুন অধ্যায় যোগ হলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও এলন মাস্কের বাণিজ্যিক রকেট সংস্থা স্পেস এক্স সফলতার সঙ্গে চার নভোচারীকে আন্তজার্তিক স্পেস স্টেশনে পৌঁছে দিয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা তিনটায় ‘এন্ডেভোয়ার’ নামের পুন:নবায়ণযোগ্য একটি ড্রাগন ক্যাপসুল রকেট চার নভোচারীকে নিয়ে স্পেস স্টেশনে পৌঁছায়।
এই নিয়ে তৃতীয়বারের মতো নিরাপদে নভোচারীদের আন্তর্জাতিক স্টেশনে পৌঁছে দিলো স্পেস-এক্স। উল্লেখ্য, এদেরই একটি রকেটে করে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট'কে বহন করে মহাকাশে পৌঁছে দেয়া হয়েছিল।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে চার নভোচারীকে স্বাগত জানান সেখানকার অধিনায়ক মার্কিন নভোচারী শ্যানন ওয়াকার। এই চার নভোচারী হলেন, ফ্রান্সের টমাস পেসকেট, নাসার মেগান ম্যাকার্থার ও শেন কিম্ব্রো এবং জাপানের আকিহিকো হোশিডো। এদের মধ্যে পেসকেট প্রথম ইউরোপিয়, যিনি মহাকাশ স্টেশনে সফর করার কৃতিত্ব দেখালেন।
এই চার জন ছয় মাস গবেষণা করবেন। তারপর পৃথিবীতে ফিরে আসবেন তাঁরা। পৃথিবীতে ফেরার আগে মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।
ইতিমধ্যেই একটি মহাকাশযানে ওই চার নভোচারী মহাকাশে ঘুরতে বেরিয়েছেন। তাদের একটি ছবিও প্রকাশ করেছে নাসা।
স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল এন্ডেভোয়ার এই নিয়ে যা দ্বিতীয়বার মহাকাশে গেলো। ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওয়ানা দেয়ার দশ মিনিট পর রকেটের দ্বিতীয় পর্যায়ের ক্রু ক্যাপসুলকে পৃথিবী কক্ষপথে পৌঁছে দেয়।