ডনবাস মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার: ল্যাভরভ

ইউক্রেনের ডনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার তিনি বলেন, ইউক্রেনের অন্য অঞ্চলগুলো তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে।

ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ জানান, ডনবাসের গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণে নিতে হামলা জোরালো করেছে রাশিয়া। দনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস ইউক্রেনের ঐতিহ্যবাহী শিল্প এলাকা।

ইউক্রেনের বাকি অঞ্চলের বিষয়ে ল্যাভরভ বলেন, তিনি বিশ্বাস করেন না তারা একটি নব্য-নাৎসি শাসনের কর্তৃত্বে ফিরে যেতে পেরে খুশি হবে, যা প্রমাণ করেছে যে এটি মূলত রুশোফোবিক। এই জনগোষ্ঠীকে নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে হবে।

মস্কোর দাবি পুনর্ব্যক্ত করে ল্যাভরভ বলেন, প্রতিবেশি দেশটিকে নিরস্ত্রীকরণ করার পাশাপাশি নাৎসি অনুপ্রাণিত জাতীয়তাবাদ নির্মূল করতেই রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। ইউক্রেনে রুশভাষী নাগরিকদের প্রতি অবহেলাও রাশিয়ার অনুপ্রবেশকে অনিবার্য করেছে।

আরও পড়ুন: রাশিয়ার গ্যাস কেনার চুক্তিতে সার্বিয়ার সায়

তিনি আরও বলেন, ক্রেমলিনের দাবি এবং তৎপরতাকে কিয়েভ ও পশ্চিমারা ভূমি দখলের ভিত্তিহীন অজুহা্ত হিসাবে দেখে এবং সেভাবেই প্রচারণা চালাচ্ছে। সামরিক অভিযানে মানুষ মারা গেলেও হতাহত সংখ্যা কমিয়ে হামলা চালাতে বলা হয়েছে বলেও জানান ল্যাভরভ।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের চতুর্থ মাস চলছে। এতে হাজার হাজার ইউক্রেনীয় নিহত এবং বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসেবে ৬৭ লাখের বেশি ইউক্রেনীয় গত ২৪ ফেব্রুয়ারির পর দেশ ছাড়তে বাধ্য হয়েছে।


একাত্তর/এসজে