প্রশিক্ষণ ছাড়াই পাইলটের প্লেন অবতরণ, ভিসতারার জরিমানা

যথাযথভাবে প্রশিক্ষণ না পাওয়া পাইলটকে দিয়ে যাত্রী ভর্তি প্লেন অবতরণ করানোয় এয়ার ভিসতারাকে ১০ লাখ রুপি জরিমানা করেছে ভারতের এভিয়েশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২ জুন) মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে গত বছরের আগস্টে নিরাপত্তা বিধি লঙ্ঘনের এই ঘটনা ঘটানোয় ভিসতারাকে এই শাস্তি দিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

জানা গেছে, ওই ফ্লাইটের ফার্স্ট অফিসার ছিলেন ওই পাইলট যিনি ইন্দোর বিমানবন্দরে প্লেনটি অবতরণ করান। তবে বিমান অবতরণ করাতে হলে পাইলটের আগে থেকে প্রশিক্ষণ থাকতে হয় যা ওই পাইলটের ছিল না। 

ডিজিসিএ’র এক কর্মকর্তা বলেন, ‘এটা প্লেনে থাকা যাত্রীদের জীবন বিপন্নকারী নিরাপত্তা বিধি লঙ্ঘন ছিল।’

আসল যাত্রীবাহী প্লেন অবতরণ করানোর অনুমতি দেওয়ার আগে ফার্স্ট অফিসারদের সিমুলেটরে এই প্রশিক্ষণ নিতে হয়। এছাড়া ফার্স্ট অফিসারকে অবতরণের নির্দেশনা দেওয়ার আগে ক্যাপ্টেনকেও একইভাবে প্রশিক্ষণ নিতে হয়।

ভিসতারার প্রশ্নবিদ্ধ প্লেনটির ফার্স্ট অফিসার কোনো ক্যাপ্টেন কিংবা সিমুলেটর প্রশিক্ষণ ছাড়াই তা অবতরণ করান। নিয়মের এই মারাত্মক লঙ্ঘনে যাত্রীদের জীবন বিপন্ন হয়। ইন্দোরে অবতরণের সময় ঘটনাটি শনাক্ত হয়।


একাত্তর/জো