সহকর্মীর গুলিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ গুলির ঘটনা ঘটে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংস্থাটি জানায়, বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্যও গুরুতর আহত হয়েছেন। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বন্দুকধারীকে আটক করা হয়।
২৩ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর এক সংবাদ সম্মেলনে জানান, সহকর্মীদের ওপর গুলি চালিয়ে গাড়িতে পালিয়ে যাওয়ার সময় মেরিল্যান্ড রাজ্য পুলিশের এক সদস্যের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময়ে দুজনই আহত হন। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলম্বিয়া মেশিনের এক মুখপাত্র বলেছেন, তাদের কোম্পানি গুলির ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করছে।
কোম্পানিটির ওয়েবসাই অনুযায়ী, তারা শতাধিক দেশের ক্রেতাদের কাছে কংক্রিট উৎপাদন সরঞ্জাম সরবরাহ করে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের এজেন্টদের পাঠিয়েছে।
একাত্তর/এআর