আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

আফগানিস্তানের পাততিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বহু মানুষ। দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও উদ্ধার অভিযান প্রায় শেষ বলে জানিয়েছে দেশটির তালেবান সরকার।

রাজধানী কাবুল থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাততিকা অঞ্চলে গত বুধবার ভোরে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ায় ত্রাণ তৎপরতার কাজ ব্যাহত হচ্ছে। এমনিতেই দেশটি গত আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দুর্বিষহ অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।

তালেবানের শীর্ষ সামরিক কমান্ডের এক মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মুয়াবিয়া জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে, ধ্বংসস্তূপে কেউ আর আটকে নেই।

জাতিসংঘও বৃহস্পতিবার জানিয়েছে যে, তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবারের প্রথম দিকে ৯০ শতাংশ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানায়।

তালেবানের এই মুখপাত্র জানান, ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫শ জন। তিন হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।


একাত্তর/এআর