কয়েক সপ্তাহের বোমাবর্ষণ ও গোলাগুলির পর ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যেতে নির্দেশ দিয়েছে সেখানকার আঞ্চলিক কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ জুন) সেখানকার আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ করে ফেলতে পারে সেই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেভেরোদোনেৎস্কের কাছে লিসিচানস্ক শহর রাশিয়া পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ওদিকে মস্কোর দাবি, ওই এলাকায় দুই হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে তারা।
সেভেরোদোনেৎস্ক দখল করে নিলে লুহানস্ক প্রদেশ পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, যা শুরু থেকেই মস্কোর অন্যতম লক্ষ্য ছিল। এমনটা হলে লিসিচানস্ক হবে ওই যুদ্ধক্ষেত্রের মূল ফ্রন্টলাইন।
আরও পড়ুন: ইসরাইলি সেনার গুলিতেই আবু আকলেহ'র মৃত্যু: জাতিসংঘ
পশ্চিমা ভারী অস্ত্রশস্ত্র পাওয়ার আশায় বেশ কয়েক সপ্তাহ ধরে সেভেরোদোনেৎস্কে রাশিয়ান সেনাবাহিনীকে প্রতিহত করে আসছে ইউক্রেনীয় বাহিনী।
লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ে গঠিত ডনবাস অঞ্চল ২০১৪ সাল থেকেই রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের রুশ ভাষাভাষীরা গণহত্যার শিকার হচ্ছেন- এমন দাবিকে ইউক্রেন আক্রমণের ন্যায্যতা দিতে ব্যবহার করে আসছেন ভ্লাদিমির পুতিন।
একাত্তর/এসজে