শ্রীলঙ্কায় সরকারি কর্মিদের বাসা থেকে কাজ করার নির্দেশ

শ্রীলঙ্কায় জ্বালানি সংকট না মেটায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে থেকে কাজের নির্দেশনা দেয়া হয়েছে।

সেই সঙ্গে ভয়াবহ সংকট চলতে থাকায় দেশটির রাজধানী কলম্বোসহ দেশের সব এলাকায় স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, বর্তমানে শ্রীলঙ্কায় ৯ হাজার টন ডিজেল ও ৬ হাজার টন পেট্রোলের মজুত রয়েছে। এই মজুত নিয়ে চলতে হবে আরও দুই সপ্তাহ।

বর্তমানে শ্রীলঙ্কার জ্বালনি তেলের পাম্পে সেনা প্রহরা বসানো হয়েছে। যারা জ্বালানি কিনতে আসছেন, সেনা সদস্যদের কাছ থেকে টোকেন নিয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। 

পাম্পে তেলের সরবরাহ এলে তবেই পেট্রোল বা ডিজেলে কিনতে পারছেন তারা। তবে জ্বালানি দেয়ার ক্ষেত্রে গণপরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা সেবাজনিত কর্মকাণ্ডকে প্রাধান্য দিচ্ছে।

শনিবার শ্রীলঙ্কান সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে। 

এতে প্রতি লিটার ডিজেলের দাম এখন পৌঁছেছে ৪৬০ শ্রীলঙ্কান রুপি (১.২৭ মার্কিন ডলার)। আর প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৫৫০ শ্রীলঙ্কান রুপি (১.৫২ মার্কিন ডলার)।


একাত্তর/এআর