এবার বাইডেনের স্ত্রী-কন্যাকে নিষিদ্ধ করলো রাশিয়া

আমেরিকার নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসাবে এবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ ২৫ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। 

মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মস্কো বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সুনামির প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। 

এর আগে, ১৫ মার্চ প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো রাশিয়া।

নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মোট ২৫ জন। আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন ও তার কন্যা অ্যাশলি বাইডেন রয়েছেন এ তালিকায়। 

এছাড়াও আছেন, রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল, সুসান কলিন্স, চক গ্রাসলি এবং বেন সাসে এবং ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড ও মার্টিন হেনরিখরসহ আরও অনেকে।  

মস্কো জানিয়েছে, আমেরিকায় রুশবিরোধী মনোভাব গড়ে তোলার জন্য দায়ী হিসেবে চার সিনেটরকে নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যে এক ডেমোক্রেট রয়েছেন। 

ইউক্রেনের উপরে রুশ হামলার পর লাগাতার মস্কোর উপরে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। গত এপ্রিলে পুতিনের দুই মেয়ে ও প্রাক্তন স্ত্রীর উপরেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি তারা। 

আরও পড়ুন: কানাডায় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত

তবে বন্দরনগরী খেরসন ও মারিউপোল দখলের পর ডনবাস অঞ্চলে অভিযান তীব্র করে তোলে পুতিনের বাহিনী। দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে এখনো তুমুল লড়াই চলছে।

এই যুদ্ধ শুরুর সময় থেকেই রাশিয়ার উপরে কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে আমেরিকা। লাগাতার নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। 

এই পরিস্থিতিতে পাল্টা চাপ তৈরির খেলায় নেমেছে মস্কো। অনেক আগেই বাইডেনের উপরে নিষেধাজ্ঞা দেয়। এবার তাঁর পরিবারের সদস্যদের উপরেও নিষেধাজ্ঞা দিলেন পুতিন।