ভারতজুড়ে করোনাভাইরাসের গ্রাফ আবারো উর্ধ্বমুখী

ভারতে করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটিতে দৈনিক শনাক্তের পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা এমন আশঙ্কা করছেন। 

করোনা মহামারীতে ব্যাপকভাবে ক্ষতির শিকার দেশটি স্বাভাবিক ছন্দে ফিরতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ ভাইরাসটি। লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।

বুধবার, ভারতের কেন্দ্রী স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৫০৬ জন। আগের দিন যে সংখ্যাটি নেমেছিল ১২ হাজারের নিচে। 

দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে সক্রিয় রোগীও। বর্তমানে সারা ভারতে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৯৯ হাজার ৬০২। সক্রিয় রোগীর হার শূণ্য দশমিক ২৩ শতাংশ। 

গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। দেশটিতে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা পাঁচ লক্ষ ২৫ হাজার ৭৭।

একদিনে সংক্রমিতের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৩,৪৮২ জন। এর মধ্যে মুম্বইয়ে সংক্রমিত ১২৮০। তবে তুলনামূলক স্বস্তিদায়ক রাজধানী দিল্লির করোনা গ্রাফ। 

তবে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৫৫১ জন।

যা স্বাভাবিকভাবেই ঘুম উড়িয়েছে রাজ্যবাসীর। এদিকে সংক্রমণ বাড়ায় কেন্দ্রের থেকে রাজ্যের সব জেলায় নমুনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে।


একাত্তর/এআর