দোরাইস্বামী লন্ডনে নিযুক্ত, ঢাকায় আসতে পারেন ডালেলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবার যুক্তরাজ্যে ভারতীয় মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর তার জায়গায় বাংলাদেশে আসতে পারেন সুধাকর ডালেলা।

শনিবার (২ জুলাই) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে যাচ্ছেন দোরাইস্বামী। 

১৯৯২ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরিতে আসার আগে কিছুদিন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। 

ঢাকার সাথে দিল্লির ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দোরাইস্বামী। অবকাঠামো ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন তিনি। 

আরও পড়ুন: বাংলাদেশ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিক্রম করছে: স্পিকার

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত থাকাকালে কিয়া মোটরসকে ও ১৫৫ মিমি স্বচালিত হাউইটজার কামান ভারতে আনার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দোরাইস্বামী। 

এদিকে দোরাইস্বামীর সম্ভাব্য উত্তরসূরি সুধাকর ডালেলা মার্কিন মিশনে ডেপুটি চীফের দায়িত্ব পালন করে আসছিলেন। 


একাত্তর/এসজে