দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার সোয়েতো শহরের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর বিবিসি। 

রোববার (১০ জুলাই) ভোরে অরলান্ডো ইস্ট ট্যাভার্নে কয়েকজন বন্দুকধারী ঢুকে একদল তরুণ-তরুণীর ওপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে বলে জানিয়েছে পুলিশ। 

পরে তারা একটি সাদা মিনিবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত এ হামলার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। 

গাউতেং প্রদেশের পুলিশ প্রধান জেনারেল ইলিয়াস মাওয়েলা জানান, এ ঘটনাকে 'পানশালার নির্দোষ ক্রেতাদের ওপর ঠাণ্ডা মাথায় হামলা' বলেই ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্দুকধারীদের কাছে রাইফেল ও ৯ মিলিমিটার পিস্তল ছিল। 

এদিকে, কোয়াজুলু-নাটাল প্রদেশের আরেক পানশালায় হামলায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে