লঙ্কান প্রেসিডেন্ট পদে লড়তে চান বিরোধী নেতা প্রেমাদাসা

শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলীয় নেতা সাজিত প্রেমাদাসা জানিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। 

মঙ্গলবার (১২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের পদ খালি হলে প্রেমাদাসা মনোনয়নের জন্য আবেদন করবেন বলে তার দল ও জোটের অন্যান্য নেতারা সম্মত হয়েছেন। 

এর আগে এ নিয়ে প্রেমাদাসার দল সামাগি জন বালাওয়েগা (এসজেবি) জোটের অন্যান্য দলগুলোর সাথে বৈঠক করে। 

২০১৯ সালেও প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন প্রেমাদাসা। এবার জিততে হলে তার জোটবদ্ধ দলগুলোর এমপিদের সমর্থনের প্রয়োজন হবে। 

দুই দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কা শাসন করা রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে জনরোষ তাকে এ সমর্থন পেতে সহায়তা করবে বলে আশা করছেন তিনি। 

প্রেমাদাসা আরও জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্যও প্রস্তুত তিনি। 

অবশ্য এপ্রিলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার ফলে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন প্রেমাদাসা। তার পরিবর্তে তখন দায়িত্ব দেয়া হয় প্রতিদ্বন্দ্বী রনিল বিক্রমসিংহেকে। 

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে 'বিভ্রান্তিকর, অনিশ্চিত ও সম্পূর্ণ অরাজক' বলে আখ্যা দিয়ে প্রেমাদাসা বলেছেন, এখন দরকার 'ঐক্যমত্য, পরামর্শ, আপস ও একসাথে কাজ করা'। 

আরও পড়ুন: জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ

এদিকে বুধবার (১৩ জুলাই) বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে নিশ্চিত করেছেন তিনি। 

অন্যদিকে দেশটির পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, নতুন প্রেসিডেন্ট কে হবেন সে বিষয়ে আগামী ২০ জুলাই সিদ্ধান্ত নেয়া হবে। 


একাত্তর/এসজে