প্রবর্তনের দুই দশকে পর ইউরো ও মার্কিন ডলারের বিনিময় মূল্য সমমানে পৌঁছেছে।
মঙ্গলবার (১২ জুলাই) চলতি বছরের শুরুর দিকের তুলনায় প্রায় ১২ শতাংশ মান কমে যাওয়ায় ডলারের সমতায় ফিরেছে ইউরো।
বর্তমানে ১ ইউরোর মান ১ মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ উভয় মুদ্রার মান এখন একই হয়েছে।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর নানা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের অর্থনীতিতে মারাত্মক মন্দার প্রভাবেই ইউরোর দরপতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো ১৯৯৯ সালে প্রবর্তনের পর তা ব্যাপকভাবে চালু হয় ২০০১ সালে। এর পর এই প্রথম মার্কিন ডলার ও ইউরোর মান সমান হয়ে গেল।
যুদ্ধের আগে ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসত রাশিয়া থেকে। যুদ্ধের জেরে ইউরোপ রাশিয়ার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করায় দীর্ঘমেয়াদে রাশিয়ার তেল–গ্যাসের ওপর নির্ভরশীলতা হ্রাসের চেষ্টা করছে তারা।
জবাবে রাশিয়াও ইউরোপে গ্যাস সরবরাহ হ্রাস করেছে। ফলে উৎপাদন সংকটে পড়েছে ইউরোপ।
এদিকে, মূল্যস্ফীতি মোকাবিলায় মার্কিন ফেডারেল রিজার্ভ নীতি সুদহার ৭৫ ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে আমেরিকান বন্ডে বিনিয়োগ করছেন। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বেড়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু ইউরো নয়, গোটা এশিয়াতেও স্থানীয় মুদ্রা এখন দুর্বল। চিনের ইউয়ান, জাপানের ইয়েনসহ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুদ্রারও দর পতন ঘটছে।
একাত্তর/জো